1. admin@chatkhilbarta.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবুজায়ন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের হাতে ফলজ চারা “প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, তবে এর অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে” চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ‘উদ্যোক্তা হয়ে ভুল করেছি?’, প্রাণিসম্পদের পুরস্কার পাওয়া খামার অবরুদ্ধ! ‘দি গুড আর্থ’ সংস্থার উদ্যোগে চাটখিলে বৃক্ষরোপণ চাটখিল চক্ষু হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তির ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন জয়াগে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের লকারের পৌনে ১০ লাখ টাকা নিয়ে উধাও কর্মকর্তা! চাটখিলে ভূমি অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি চাটখিলে ছাত্রদলের ফলদ ও ঔষধি চারা রোপণ চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

“প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, তবে এর অপব্যবহার কঠোরভাবে দমন করতে হবে”

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

“প্রযুক্তি ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়”প্রযুক্তিকে নিষিদ্ধ বা বর্জন করে নয়, বরং এর সঠিক ব্যবহারকে আপন করে নিয়েই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। প্রযুক্তি ছাড়া আমাদের এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে এর অপব্যবহার ও নেতিবাচক দিকগুলোকে কঠোর হাতে দমন করতে হবে।”

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ সভাকক্ষে চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “কর্মক্ষেত্রে এডভান্সড প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাটখিল উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজ।

সেমিনারে সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘মাঠপর্যায়ে সরকারি সেবা ও শিক্ষা ব্যবস্থাকে শতভাগ প্রযুক্তিবান্ধব করতে প্রশাসন নিরলস কাজ করছে। তবে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের ধীরগতি, ল্যাব উপকরণের স্বল্পতা এবং দক্ষ জনবলের অভাব এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। স্থানীয় তরুণ সমাজ যাতে প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে মাদক, অনলাইন জুয়া বা মোবাইল গেমে আসক্ত না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।’

এর আগে সেমিনারের মুক্ত আলোচনা পর্বে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট অংশীজনরা স্থানীয় পর্যায়ে প্রযুক্তি-নির্ভর শিক্ষা প্রদানের ক্ষেত্রে নানা মুখী বাস্তবসম্মত চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেন। তাঁরা প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজে ল্যাব সরঞ্জামের অপ্রতুলতা, ধীরগতির ইন্টারনেট এবং আইসিটি শিক্ষক সংকটের কথা উল্লেখ করে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় শিক্ষক ও অংশীজনদের এই দাবির প্রেক্ষিতে প্রধান অতিথি ২০১৫-১৬ সালের দিকে প্রজেক্টের মাধ্যমে দেওয়া সরকারি ল্যাপটপ ও ল্যাবের যন্ত্রপাতি পুরনো এবং স্লো হয়ে যাওয়ার বাস্তবতা স্বীকার করেন। তিনি আশ্বস্ত করেন যে, সরকারের নতুন প্রকল্প গ্রহণের সাথে সাথে চাটখিলে আধুনিক ল্যাব সুবিধার ব্যবস্থা করা হবে। এছাড়া বিদ্যালয়গুলোতে আইসিটি শিক্ষক সংকটের জটিলতা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ করে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা প্রশাসন-কে তাৎক্ষণিক নির্দেশনা দেন।

সেমিনারে সচিব তাঁর বক্তব্যে পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তির বাণিজ্যিকীকরণের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ‘বর্তমান সরকার বায়োগ্যাস প্লান্টের প্রযুক্তিকে আরও যুগোপযোগী করার কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে পাইপলাইনের জটিলতা এড়াতে বায়োগ্যাসকে প্রক্রিয়াজাত করে সরাসরি সিলিন্ডারে রূপান্তরের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা অত্যন্ত লাভজনক ও সহজলভ্য হবে।’ একই সাথে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যাশনাল বায়োটেকনোলজির মাধ্যমে লবণাক্ততা সহনশীল ধানের জাত উদ্ভাবনসহ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাফল্যের কথা তিনি তুলে ধরেন।

তরুণ সমাজের মোবাইল গেম, অনলাইন জুয়া এবং মাদকাসক্তির মতো ভয়াবহ বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান অতিথি বলেন, ‘অনেকে প্লে-স্টোর বা নির্দিষ্ট অ্যাপ বন্ধের কথা বলেন, যা বর্তমান যুগে বাস্তবসম্মত নয়। সরকার নতুন ও শক্তিশালী সাইবার আইন নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শুধু আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, এর জন্য প্রতিটি পরিবার, শিক্ষক, সাংবাদিক এবং মসজিদের ইমামদের সম্পৃক্ত করে একটি সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

চাটখিল অঞ্চলের শিক্ষার মান কিছুটা কমে যাওয়ার পেছনে অধিকাংশ অভিভাবক প্রবাসে থাকায় সন্তানদের পর্যাপ্ত সময় না দেওয়া এবং তরুণদের অতিরিক্ত বিদেশমুখী মানসিকতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন সচিব। এলাকার ঐতিহ্যবাহী স্কুল-কলেজগুলোর গৌরব ফিরিয়ে আনতে তিনি সব অভিভাবককে সন্তানদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর অনুরোধ জানান। একই সাথে এলাকার উন্নয়নে শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে বিভিন্ন সমিতি ও সংগঠনের মাধ্যমে প্রবাসীদের রেমিট্যান্স এবং কৃতি উদ্যোক্তাদের ব্যক্তিউদ্যোগকে সমন্বিতভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (উপসচিব) মো. আল-আমিন, চাটখিল উপজেলার সহকারী কমিশনার ভূমি নিশাত ফারাবী, চাটখিল পাঁচগাও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুর আহম্মেদ ভূইয়া, চাটখিল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইসিটি অ্যাম্বাসেডরবৃন্দ, আইসিটি বিষয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (UDC) উদ্যোক্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেমিনারে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park