
নোয়াখালীর চাটখিল চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (প্রাঃ)-এ যুক্ত হলো চক্ষু চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি। রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালটিতে নতুন ‘ফ্যাকো’ মেশিনের শুভ উদ্বোধন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনের হলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
চাটখিল চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডেপুটি ডিরেক্টর মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ বিন ইউসুফ এবং চাটখিল প্রাইভেট হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি রহমত উল্যাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চাটখিল ও এর আশেপাশের অঞ্চলের মানুষকে চোখ সংক্রান্ত উন্নত সেবা দিতে এই ফ্যাকো মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সেলাইবিহীন চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা এখন মানুষের হাতের কাছেই ও সাশ্রয়ী খরচে পাওয়া সম্ভব হবে।
আলোচনা সভা শেষে কেক কেটে সর্বাধুনিক ফ্যাকো মেশিনের শুভ উদ্বোধন করা হয়। পরবর্তীতে হাসপাতালের সার্বিক অগ্রগতি, চিকিৎসাধীন রোগীদের আশু সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।