1. admin@chatkhilbarta.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ চাটখিল উপজেলা সিসিএস-এর আহ্বায়ক কমিটি গঠন চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত চাটখিলে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ফারুক সভাপতি ও স্বপন সা. সম্পাদক পুকুর সেচের তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, মা-ছেলের মৃত্যু আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস : প্রতিমন্ত্রী ইশরাক রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন চাটখিলে পশুর হাটে বিনামূল্যে শরবত বিতরণ

চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা: ২ মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে চাটখিল ‘সেন্টার পয়েন্ট’ ভবনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীনের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা-র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদিকা টুম্পা ইসলাম, যুগ্ম সম্পাদিকা ও সোনাইমুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক, সাবেক সভাপতি দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু, আলেয়া বেগম, জান্নাতুল ফেরদাউস রিমু, রিংকি আক্তার, কামরুন নাহার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের সাংগঠনিক ও রাজনৈতিক গুরুত্ব অনুধাবন করেই মহিলা দল গঠন করেছিলেন। মহিলা দল বিএনপির একটি অত্যন্ত শক্তিশালী অংশ। দল শক্তিশালী না হলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই দল ও সংগঠনকে সবার আগে প্রাধান্য দিতে হবে, দলের চেয়ে কোনো ব্যক্তি বা পদ বড় হতে পারে না।”

তিনি তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, “আমরা শীঘ্রই চাটখিলের ঘরে ঘরে যাবো এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবো। একই সাথে চাটখিল উপজেলা ও পৌরসভা মহিলা দলের একটি শক্তিশালী ‘আহ্বায়ক কমিটি’ গঠন করা হবে। তবে মনে রাখবেন, এই আহ্বায়ক কমিটি চিরদিনের জন্য নয়। কমিটিকে আগামী ২ মাসের মধ্যে (বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ ১ মাস বর্ধিত সময়) চাটখিলের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড পর্যায়ের সকল সাংগঠনিক কাজ ও তৃণমূল কমিটি গঠন সম্পন্ন করতে হবে। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারে, তবে প্রেসিডেন্ট ও সেক্রেটারির মাধ্যমে সেই কমিটি ভেঙে দেওয়া হবে। দলে অলস বা নিষ্ক্রিয়দের কোনো জায়গা হবে না, যারা মাঠে কাজ করবেন তারাই পদে থাকবেন।”

বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে যারা চরম ঝুঁকি নিয়ে, জীবনের পরোয়া না করে দলের জন্য মাঠপর্যায়ে প্রাণপণ কাজ করেছেন, সেই সকল সাহসী বোনদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ যারা প্রতিকূলতার কারণে সভায় আসতে পারেননি, তাদের কাছেও দলের এই বার্তা ও সিদ্ধান্ত পৌঁছে দিতে হবে। চাটখিলে মহিলা দল, বিএনপি, যুবদল ও ছাত্রদল যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে, তবে সকল দুর্যোগ ও ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা সফল হবোই।”

সভাপতির বক্তব্যে জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন বলেন, “তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করতে সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে নতুন কমিটি গঠন করা হবে। প্রথমে ওয়ার্ড কমিটি, এরপর ওয়ার্ড কমিটির ভোটে ইউনিয়ন কমিটি এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটির ভোটে উপজেলা মহিলা দলের কমিটি গঠিত হবে।” নির্বাচন-পরবর্তী সময়ে সর্বপ্রথম মহিলা দলের কমিটি গঠনের এই সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় তিনি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park