1. admin@chatkhilbarta.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

চাটখিলে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ২৯ শিক্ষার্থী

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারাদেশের মতো নোয়াখালীর চাটখিল উপজেলায় আজ থেকে অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার মোট ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান আজ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, “উপজেলার প্রতিটি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারিসহ আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা সম্পন্ন করেছে।

চাটখিলে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় সর্বমোট ২ হাজার ১২৪ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২ হাজার ৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন কারণে অনুপস্থিত ছিল ২৯ জন পরীক্ষার্থী।

বিস্তারিত তথ্যে দেখা যায়, এসএসসি সাধারণ শাখার ৪টি কেন্দ্রে ১ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৭৬ জন পরীক্ষায় অংশ নেয়। দাখিল পর্যায়ের ২ টি কেন্দ্রে ৬৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬৯ জন উপস্থিত ছিল। এছাড়া কারিগরি ও দাখিল ভোকেশনাল কেন্দ্রে ২৪২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেছে ২৪০ জন।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park