বুলেটসহ যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা আটকের ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাটখিল উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) চাটখিল উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবী জানানো হয়।
জামায়াত নেতারা দাবী করেন, সাম্প্রতিক একটি আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে চাটখিল উপজেলা বিএনপি কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চাটখিল উপজেলায় জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মী ভোটার আইডি কার্ড সংগ্রহ, বোরকা পরিহিত হয়ে গোপনে বাড়িতে প্রবেশ কিংবা অস্ত্র বা বুলেট সংক্রান্ত কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত নয়। বিএনপির সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
নেতারা অভিযোগ করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আরশাদ উল্যা নাঈম বুলেটসহ আটক হওয়ার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের দায় এড়ানোর উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনের অভিযানে উদ্ধারকৃত কোনো বিষয়েই জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিএনপি বারবার “বোরকা পরিহিত মহিলার” গল্প সাজিয়ে জামায়াতকে অভিযুক্ত করার চেষ্টা করছে। যা দায়িত্বজ্ঞানহীন ও অশোভন রাজনৈতিক আচরণের পরিচায়ক।
বোরকা মুসলিম নারীদের ধর্মীয় পোশাক উল্লেখ করে নেতারা বলেন, এই পোশাককে অপরাধের সঙ্গে যুক্ত করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।
জামায়াতে ইসলামী নেতারা জানান, তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী। কোনো ষড়যন্ত্র, সহিংসতা বা গোপন কর্মকাণ্ড তাদের রাজনৈতিক আদর্শের পরিপন্থী।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, যেকোনো ঘটনায় নিরপেক্ষ, পেশাদার ও তথ্যভিত্তিক তদন্ত পরিচালনা করা প্রয়োজন এবং কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ওপর ভিত্তি করে অন্য দলকে হেয় করার সুযোগ দেওয়া উচিত নয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপজেলা বিএনপি শুধু মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে না, বরং তাদের দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে পর্দানশীল মা-বোনদের সাংগঠনিক ও নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদান করেছে।
এ সময় ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত চাটখিল উপজেলার নোয়াখলা, খিলপাড়া, রামনারায়ণপুর ইউনিয়ন ও চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকায় একাধিক বাধা, হামলা ও গালাগালির ঘটনার বিবরণ তুলে ধরা হয়।
নেতারা জানান, এসব ঘটনায় জামায়াতে ইসলামী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে এবং নিয়মিত প্রশাসনকে অবহিত করে আসছে।
জামায়াতে ইসলামী মনে করে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যৌথ বাহিনীর অভিযান সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বলে তারা মনে করে।
সন্ত্রাস, অস্ত্র ও সহিংসতার সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জামায়াত নেতারা সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন শেষে প্রশাসনের প্রতি মিথ্যা প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এবং গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সামনে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল পৌরসভা আমির ও জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা মো. আক্তার হোসেন চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ। এসময় আরো উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. তাওহীদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা