মাফিয়াদের বিরুদ্ধে কথা বলতে গেলে একটু কম বলতে হয়। সরকারের বিরুদ্ধে বলা যায়, মাফিয়াদের বিরুদ্ধে কথা কম বলতে হয়। সরকারও কন্ট্রোল করে মাফিয়ারা। এই মাফিয়াদের হাত এতো শক্তিশালী, এরা সরকার চেঞ্জও করতে পারে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে চাটখিলে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ ‘চায়ের আড্ডায়’ মিলিত হয়ে এসব কথা বলেন তিনি।
আব্দুল হান্নান মাসউদ ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, "আমরা হাদি হত্যার বিচার চাই এবং এই দাবিতে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করছে, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, শুধু হাদি নয়, এরকম বহু হাদিকে হত্যা করা হয়েছে যাদের বিচার আজও মেলেনি।"
সাংসদ মাসুদ আরও জোর দিয়ে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়ার মূল কারণ হচ্ছে বিদ্যমান সিস্টেম। তিনি বলেন, "ব্যক্তি বিশেষের পরিবর্তনের চেয়ে সিস্টেমের পরিবর্তন বেশি জরুরি। আমরা এই জরাজীর্ণ সিস্টেম পরিবর্তনের লড়াই করছি। সিস্টেম চেঞ্জ হলে অনেক কিছুই নিজে থেকে সোজা হয়ে যাবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।"
তিনি আরো বলেন, বাংলাদেশের সিস্টেমগুলাই এমন করে রাখা হয়েছে আপনি যতই চিল্লান রাস্তায় রাস্তায় কিছু হবে না। সিস্টেমের জন্য চাপ দিয়া ফুল সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ করতে পারলে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে।
মাসউদ বলেন, পুলিশ তদন্তে যায়, সরকার তাকে ঠিকমতো লজিস্টিক সাপোর্ট দেয় না; কৃষি বীজ আসে, সরকারি ত্রাণের চাল আসে কিন্তু সেখানেও ঠিকঠাক ভাড়া দেওয়া হয় না; এগুলো দুর্নীতির সুযোগ তৈরি করে। যে কারণে সিস্টেম এর পরিবর্তন না হলে দেশের দুর্নীতি দূর হবে না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক তুহিন ইমরান, জেলা সদস্য ইয়াসিন আরাফাত, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা সদস্য সচিব কাজী মাইনউদ্দিন তানভীর, জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ চাটখিল উপজেলার প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।