সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে ৫ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিল্লাল হোসেন রনির সঞ্চালনায় এবং ইসমাইল হোসেন শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওসমান গনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, গোলাম রব্বানী শিমুল, তানভীর হোসেন, ইমতিয়াজ শিশির, আব্দুল্লা রাহিম ও সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়নের পাশাপাশি ফলের চাহিদা পূরণ, পুষ্টি নিশ্চিতকরণ এবং পারিবারিক আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তারা আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা এবং গাছের পরিচর্যায় সচেতন ভূমিকা পালন করা।
চারা গ্রহণকারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রাপ্ত চারাগুলো বাড়ির আঙিনা ও আশপাশের উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজক ইসমাইল হোসেন শাকিল বলেন, প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করবে। এর মাধ্যমে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।