প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১০:৩৭ পি.এম
যারা সেক্রিফাইজ করবে না, তাদের রাজনীতিতে আসা উচিত নয়: ব্যারিস্টার খোকন

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, "সবাই রাজনীতি করবে না, নেতা হবে না, এমপি-চেয়ারম্যান বা মেয়র হবে না। যারা সেক্রিফাইজ করবে, তারাই রাজনীতি করবে এবং নেতৃত্বে আসবে। সেক্রিফাইজ না করে যারা ব্যবসা করতে চায়, তাদের রাজনীতিতে আসা উচিত নয়।"
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল কামিল মাদরাসায় আয়োজিত সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যারিস্টার খোকনকে মাদরাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। পরে তিনি বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে ব্যারিস্টার খোকন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, "সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, অবৈধ মাটি ব্যবসা কিংবা থাইল্যান্ডি জুয়া—এসব কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকেও ছাড়া হবে হবে না। এমনকি জামায়াত বা অন্য কোনো দলের কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট টেনে তিনি বলেন, "ছাত্রদের আন্দোলনের মূলে ছিল বৈষম্য দূর করা এবং কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের কর্মসংস্থান নিশ্চিত করা। এই আন্দোলনে কৃষক, শ্রমিক এবং সকল রাজনৈতিক কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ছাত্রদের স্বপ্ন বাস্তবায়ন হলেও কৃষক, শ্রমিক ও রাজনৈতিক কর্মীদের অনেক স্বপ্ন এখনো অপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অপূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু বাস্তবায়নও করেছেন।"
অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এসময় মাদরাসার অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও আশ্বাস প্রদান করেন।
Copyright © 2026 দৈনিক চাটখিল বার্তা. All rights reserved.